*উস্তি:* দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার রাজারহাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ১৩ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারগামী একটি বেসরকারি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই ম্যাজিক গাড়ির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ম্যাজিক গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত ৫ জনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, দ্রুতগতি ও বেপরোয়া ওভারটেকের জেরেই এই সংঘর্ষ।


Post A Comment:
0 comments so far,add yours