আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার মূল অনুষ্ঠানটি মহাসমারোহে অনুষ্ঠিত হলো নামখানা ব্লকের নারায়ণীতলা ধনেশ্বরী বিদ্যানিকেতন প্রাঙ্গণে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই বিশেষ দিনটির সূচনা হয়।


শোভাযাত্রায় শামিল হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, জেলা বনদপ্তর আধিকারিক নিশা গোস্বামী, পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর ও কাকদ্বীপের মহকুমা শাসক। এছাড়াও নামখানা, সাগর ও কাকদ্বীপের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা (BDO) এতে উপস্থিত ছিলেন। দূষণমুক্ত পরিবেশ গঠন ও বৃক্ষরোপণের বার্তা নিয়ে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি দীর্ঘ পথ পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে উপস্থিত মন্ত্রী, জেলাশাসক, বিধায়ক এবং পুলিশ আধিকারিকেরা যৌথভাবে একটি চারা গাছে জল দিয়ে পরবর্তী কর্মসূচির সূচনা করেন। এরপর মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে "একটি গাছ মায়ের নামে" অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ পরিবেশ দিবসের গুরুত্ব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রত্যেকেই "একটি গাছ মায়ের নামে" এই মহৎ প্রতিজ্ঞায় আবদ্ধ হন এবং সুস্থ ও দূষণমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। সবশেষে, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক মঞ্চের পাশেই বৃক্ষরোপণ করেন জেলাশাসক, রাজ্যের প্রতিমন্ত্রী, স্থানীয় বিধায়ক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours