পরিবেশ রক্ষা এবং মায়েদের সম্মান জানাতে এক অভিনব কর্মসূচির সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের বামনখালি এলাকা। আজ শুক্রবার 'একটি গাছ, মায়ের নামে' এই স্লোগানকে সামনে রেখে বামনখালি এলাকায় সরকারি অন্নপূর্ণা যোজনার একটি ফরম ফিলাপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পের মূল আকর্ষণ ছিল আগত মায়েদের হাতে পরিবেশবান্ধব চারাগাছ তুলে দেওয়ার উদ্যোগ।
বর্তমান সময়ে ক্রমবর্ধমান উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সেই বার্তাকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আসা অসংখ্য মা এবং বয়োজ্যেষ্ঠরা ক্যাম্পে উপস্থিত ছিলেন।
সরকারি ফর্ম পূরণের পাশাপাশি তাঁদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, "মায়ের নামে একটি করে গাছ লাগানো মানে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, বরং এই গাছগুলো মায়ের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে বেড়ে উঠবে।" স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এই ধরনের সামাজিক কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন চারাগাছ পেয়ে এলাকার মায়েদের মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। তাঁরা প্রত্যেকেই এই গাছগুলো নিজ নিজ বাড়িতে পরম যত্নে বড় করে তোলার অঙ্গীকার করেছেন।


Post A Comment:
0 comments so far,add yours