আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। সোমবার রাত আনুমানিক আটটা নাগাদ নামখানা থানার খাটুয়ার ঘেরি ঘাট সংলগ্ন হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ‘এম.ভি মা অজন্তা’ নামের লঞ্চটিকে একটি মৎস্যজীবী ট্রলার সজোরে ধাক্কা মারে।
ঘটনার ৫-৭ মিনিটের মধ্যেই লঞ্চটি নদীতে তলিয়ে যায়। তবে চালকসহ লঞ্চে থাকা পাঁচজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। লঞ্চের চালক জানান, কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল লঞ্চটি। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার ডগ ঘাট থেকে গোসাবায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল লঞ্চটি। নামখানা মৎস্য বন্দর পার করে ভগবতপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ‘এফবি করুণাময়ী’ নামের একটি দ্রুতগতির মৎস্যজীবী ট্রলার লঞ্চটির মাঝবরাবর ধাক্কা মারে।
লঞ্চটি ডুবতে শুরু করলে কর্মীদের আর্তনাদ শুনে পাশে থাকা একটি ট্যুরিস্ট লঞ্চ এবং ধাক্কা দেওয়া ট্রলারটির মৎস্যজীবীরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় পাঁচজনকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। খবর পেয়ে নামখানা ও কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বেঙ্গল লঞ্চ অ্যাসোসিয়েশনের সহায়তায় পুলিশ ডুবন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours