ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ও তাঁদের পাশে দাঁড়াতে শনিবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় পৌঁছাল তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ তথ্যানুসন্ধানী দল। 



এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাজদা আহমেদ এবং দলীয় মুখপাত্র তন্ময় ঘোষ।
এদিন প্রথমে কুলপি বিধানসভার নিশ্চিন্তপুর এলাকায় যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি ঘুরে দেখেন। এরপর আক্রান্ত ব্লক সভাপতির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আক্রান্তদের সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ভয় না পেয়ে রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন সাংসদেরা।


 এই হিংসার বিরুদ্ধে তাঁরা আইনি পথে লড়াই লড়বেন বলেও স্পষ্ট জানিয়েছেন। কুলপির পর তৃণমূলের এই বিশেষ দলটির গন্তব্য ছিল মন্দিরবাজার এবং রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর এলাকা। সেখানেও একাধিক ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করেন তাঁরা। ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া বেশ কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে সশরীরে দেখা করে তাঁদের পাশে থাকার ও লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় বার্তা দেয় এই প্রতিনিধি দল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours