বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়ছে। প্রার্থীরা যখন উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন, তখন সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ল বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারায়।
এই দ্বীপের মানুষের কাছে এবারের নির্বাচনে একমাত্র ইস্যু রাস্তা, পানীয় জল বা আলো নয়, বরং ‘অস্তিত্ব রক্ষা’। লাগাতার নদী ভাঙনের ফলে এক সময়ের ৯-১০ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপ আজ সংকুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ৩.৫ থেকে ৪.৮ বর্গ কিলোমিটারে। আয়লা, আমফান থেকে ইয়াস—একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ক্ষত আজও টাটকা দ্বীপবাসীর মনে। বিঘের পর বিঘে চাষের জমি আর বসতবাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে। গত কয়েক বছরে সরকারি উদ্যোগে দ্বীপে কংক্রিটের রাস্তা ও পানীয় জল পৌঁছালেও, নদী ভাঙন রোধ না হলে এই সব উন্নয়নই একদিন জলের তলায় চলে যাবে বলে আশঙ্কা বাসিন্দাদের।
এই জ্বলন্ত সমস্যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জানান, রাজ্য সরকার সীমিত ক্ষমতায় বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। পাল্টা আক্রমণে বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল ‘কাটমানি’ ও দুর্নীতির অভিযোগ তুলে বিজ্ঞানসম্মত কংক্রিটের বাঁধের প্রতিশ্রুতি দিয়েছেন।
ভোটের লড়াইয়ে জয়-পরাজয় যাই হোক, নদীগর্ভে তলিয়ে যাওয়া থেকে নিজেদের ভিটেমাটিটুকু রক্ষা করতে এখন একজোট ঘোড়ামারার মানুষ। নির্বাচনের পর তাঁদের এই দীর্ঘদিনের দাবি পূরণ হয় কি না, সেটাই এখন দেখার।


Post A Comment:
0 comments so far,add yours