আজ সাগরের ছয়েরঘেরিতে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে এক বিশাল জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একদিকে যেমন তিনি এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন, তেমনই কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপিকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সাগরের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ১৭০০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা ব্রিজের কাজ শুরু হয়েছে। এছাড়াও ৩০০ কোটি টাকা ব্যয়ে নামখানা সেতু নির্মাণ হয়েছে ২০১৯ সালে। পাশাপাশি হাতানিয়া-দোয়ানিয়া নদীর ওপর ৪০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মৎস্য বন্দর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, “বঙ্কিম হাজরাকে জেতালে সাগরের পরবর্তী উন্নয়নের সমস্ত দায়ভার আমার।” মূল ভূখন্ড থেকে বিছিন্ন ঘোড়ামারা দ্বীপের ১২০০ পরিবারকে ভোটের পর পুনর্বাসন এবং আগামী ৫ বছরের মধ্যে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। বিজেপিকে বিঁধে অভিষেক বলেন, "মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি।" তিনি প্রশ্ন তোলেন, গত ১২ বছরে মোদি সরকার বাংলার জন্য কী করেছে? তাঁর দাবি, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার বাড়ি তৈরি করে দেবে। সাগরের ১ লক্ষ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং ৩৫ হাজার যুবরা যুবসাথি প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
গঙ্গাসাগর ও কুম্ভ মেলার তুলনা টেনে তিনি বলেন, ব্যবস্থাপনার ত্রুটির কারণে কুম্ভ মেলায় মৃত্যু হলেও গত ১০ বাঁচাতে গঙ্গাসাগরে কোনো দুর্ঘটনা ঘটেনি। পাশাপাশি, বিজেপির দলবদলু প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, যাঁদের এই ভূখণ্ড নিয়ে কোনো ধারণা নেই, আগামী ৪ তারিখ তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “বিজেপি আমাদের বারে বারে লাইনে দাঁড় করিয়েছে, এবার ২৯ তারিখ লাইনে দাঁড়িয়ে আপনারা ইভিএমে তার জবাব দিন।” সাগরের মাটি থেকে আশীর্বাদ নিয়েই তিনি তাঁর পরবর্তী গন্তব্য নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।


Post A Comment:
0 comments so far,add yours