আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাগর বিধানসভার বিচ্ছিন্ন দ্বীপ মৌশুনিতে জোরকদমে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। সোমবার কয়েকশ দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে দ্বীপজুড়ে এক বিশাল বাইক র্যালির আয়োজন করেন তিনি। র্যালির পাশাপাশি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী।
মৌশুনির মতো প্রত্যন্ত এলাকার প্রধান সমস্যাগুলোকেই এবারের নির্বাচনে হাতিয়ার করেছে বিজেপি। প্রচারে বেরিয়ে সুমন্ত মণ্ডল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন রোধ, বেকারত্ব দূরীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। এছাড়া এলাকার ভগ্নপ্রায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও রাজ্যের বিভিন্ন দুর্নীতির ইস্যু তুলে ধরে এলাকায় পরিবর্তনের ডাক দেন তিনি।
এদিন প্রচারের ফাঁকে দ্বীপের একাধিক মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। দলীয় কর্মীদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের ইতিবাচক সাড়ায় অভিভূত সুমন্ত মন্ডল। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল বলেন এলাকার মানুষ এবার উন্নয়নের পক্ষে রায় দেবেন। নিজের জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে দাবি করেছেন। সব মিলিয়ে, বিচ্ছিন্ন এই দ্বীপে প্রচারের মাধ্যমে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন সাগর বিধানসভার এই পদ্মপ্রার্থী।





Post A Comment:
0 comments so far,add yours