বিশালক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে ঘোড়ামারায় ভোট প্রচারে বঙ্কিমচন্দ্র হাজরা
সাগর বিধানসভার অন্তর্গত নদীবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা। বুধবার সেই দ্বীপেই নির্বাচনী প্রচারের উত্তাপ ছড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সকালে দ্বীপে পৌঁছেই তিনি সরাসরি চলে যান স্থানীয়দের আস্থার প্রতীক বিশালক্ষ্মী মন্দিরে। সেখানে দেবীর চরণে পুজো দিয়ে এবং আশীর্বাদ প্রার্থনা করেই নিজের প্রচার ও জনসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি। মন্দির থেকে বেরিয়ে বঙ্কিমচন্দ্র হাজরা পায়ে হেঁটে দ্বীপের বিভিন্ন এলাকা ঘোরেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নদী ভাঙন কবলিত এই দ্বীপের বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি আগামী দিনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন প্রার্থী। প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
বঙ্কিমচন্দ্র হাজরা জানান, "ঘোড়ামারার মানুষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। মা বিশালক্ষ্মীর আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলাম। মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে তাঁরা উন্নয়নের পাশেই আছেন।" ভোট যত এগিয়ে আসছে, সাগর বিধানসভার এই বিচ্ছিন্ন ভূখণ্ডেও নির্বাচনী আমেজ ততই তুঙ্গে উঠছে।


Post A Comment:
0 comments so far,add yours