সাগরে ‘সুমন্ত মন্ডল’ বনাম ‘বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী’: কপিলমুনির আশীর্বাদ নিয়ে বঙ্কিমকে চ্যালেঞ্জ ছুড়লেন সুমন্ত!
১৩২ সাগর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই সেয়ানে সেয়ানে। বিজেপির দ্বিতীয় দফার তালিকায় নামখানার ভূমিপুত্র সুমন্ত মন্ডলের নাম ঘোষণা হতেই মেজাজে গেরুয়া শিবির। শুক্রবার বিকেলে কচুবেড়িয়া ভেসেল ঘাটে পা রাখতেই সুমন্তবাবুকে ঘিরে বিজেপি কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফুলের মালায় ঢেকে ফেলা হয় প্রার্থীকে।
প্রচারের প্রথম দিন ভেসেল থেকে নামার পর থেকেই শুরু হয় হাইভোল্টেজ জনসংযোগ। একের পর এক মোড়ে দাঁড়িয়ে আমজনতার সঙ্গে হাত মেলান সুমন্ত মন্ডল। মাইক হাতে নিয়ে সরাসরি আক্রমণ শানান শাসকদলের বিরুদ্ধে। তৃণমূল সরকারের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেন, সাগরের মানুষ এবার প্রকৃত উন্নয়ন চায়। এরপর তিনি সোজা পৌঁছে যান গঙ্গাসাগরের পবিত্র কপিলমুনির আশ্রমে। সেখানে জয়ের আশীর্বাদ চেয়ে পুজো দেন তিনি। তবে সাগরের গড় রক্ষা করা সুমন্তর কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। কারণ উল্টোদিকে রয়েছেন তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক তথা হেভিওয়েট সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। টানা চারবার জেতা বঙ্কিমবাবুকে পঞ্চমবারের জন্য প্রার্থী করেছে ঘাসফুল শিবির।নামখানার ঘরের ছেলেকে প্রার্থী করে বিজেপি স্থানীয় আবেগকে উস্কে দিতে চাইছে। মন্ত্রীর অভিজ্ঞতার পাহাড় নাকি সুমন্ত মন্ডলের তারুণ্য ও পরিবর্তনের ডাক— শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সাগরের মুকুট, সেটাই এখন দেখার বিষয়।


Post A Comment:
0 comments so far,add yours