মেঘ কেটে রোদ উঠতেই রবিবার ভোলবদল বকখালির! শনিবারের সেই রক্তচক্ষু দেখানো সমুদ্র রবিবার শান্ত হতেই পর্যটকদের ঢল নামল দক্ষিণ ২৪ পরগনার এই অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে। একদিকে ঈদের উৎসব আর অন্যদিকে শনি-রবির ছুটি,সব মিলিয়ে রবিবার বকখালি সৈকতে তিল ধারণের জায়গা নেই।
শনিবার ঘূর্ণাবর্ত আর ভরা কটালের জেরে উত্তাল সমুদ্রের কারণে স্নান করায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তবে রবিবার সকালে আবহাওয়ার উন্নতি হতেই সেই বিধি-নিষেধ তুলে নেওয়া হয়। আর নিষেধাজ্ঞা উঠতেই খুশিতে আত্মহারা পর্যটকরা। সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে কয়েক হাজার পর্যটক মেতে উঠেছেন সমুদ্র স্নানে। রঙ-বেরঙের পোশাকে সেজে ওঠে বকখালি সৈকত।
ভিড় বাড়লেও পর্যটকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সিভিল ডিফেন্সের কর্মীরা অনবরত বাঁশি বাজিয়ে পর্যটকদের নির্দিষ্ট সীমানার মধ্যে থাকার নির্দেশ দেন। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কর্মীরাও টহলদারি চালান সৈকতে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে লাগাতার নজরদারি চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
গতকালের ঝোড়ো হাওয়ায় ব্যবসায় মন্দার আশঙ্কা তৈরি হয়েছিল বকখালির হোটেল ও দোকানদারদের মনে। কিন্তু রবিবারের উপচে পড়া ভিড় দেখে খুশি ব্যবসায়ীরা।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours