বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সাগর বিধানসভার জন্য নাম ঘোষণা করা হয়েছে নামখানার সুমন্ত মণ্ডলের। পেশায় শিক্ষক এবং নামখানা পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য সুমন্ত ফ্রেজারগঞ্জ এলাকার ভূমিপুত্র হিসেবেই পরিচিত। ঘরের ছেলেকে প্রার্থী হিসেবে পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উন্মাদনায় ফেটে পড়েন নামখানা ও সাগরের বিজেপি কর্মীরা।
সুমন্ত মণ্ডল গত পঞ্চায়েত নির্বাচনে নামখানা পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়ে এলাকায় নিজের প্রভাব প্রমাণ করেছিলেন। এবার দল তাঁর ওপর ভরসা রাখায় সাগর বিধানসভার লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ হলো। নাম ঘোষণার পরেই এদিন সন্ধ্যায় ফ্রেজারগঞ্জের স্থানীয় একটি রাধা-কৃষ্ণ মন্দিরে পুজো দেন সুমন্ত। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন তিনি।
পেশায় শিক্ষক হওয়ার সুবাদে সুমন্ত মণ্ডলের একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। প্রার্থী হিসেবে তাঁর লক্ষ্য স্পষ্ট। তিনি জানান, "এটি কেবল একটা নির্বাচন নয়, এটি নীতি ও আদর্শের লড়াই। সাগর বিধানসভায় চারটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেখানে যোগাযোগ ও উন্নয়নের প্রচুর অভাব। আমরা যুব সমাজের জন্য কর্মসংস্থান এবং দ্বীপের মানুষের মৌলিক সমস্যাগুলোকে সামনে রেখে মানুষের দুয়ারে পৌঁছাব।"
সাগরের বর্তমান বিধায়ক বঙ্কিম হাজরা দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা। অন্যদিকে সুমন্ত মণ্ডল নবীন। যেহেতু সুমন্ত নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের বাসিন্দা, তাই নামখানা ব্লকের ভোটব্যাঙ্কে তিনি থাবা বসাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। জয়ের ব্যাপারে সুমন্তবাবু আত্মবিশ্বাসের সঙ্গে জানান, "সাগরের মানুষ পরিবর্তন চাইছে, আমরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।"
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours