২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ ২৪ পরগনার হাইভোল্টেজ সাগর বিধানসভা কেন্দ্রে পুনরায় প্রার্থী হিসেবে প্রবীণ রাজনীতিক বঙ্কিমচন্দ্র হাজরার নাম ঘোষণা করেছে জোড়াফুল শিবির।
চারবারের পর এবার এই আসনে জয়ী হয়েছেন বঙ্কিমবাবু। বর্তমানে তিনি রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাগরের উন্নয়ন এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ নিবিড় সম্পর্কের কথা মাথায় রেখেই পঞ্চমবারের জন্য তাঁর ওপর ভরসা রাখা হয়েছে। অভিজ্ঞ এই নেতার হাত ধরেই সুন্দরবন সংলগ্ন এই দুর্ভেদ্য গড় রক্ষা করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই সাগর ব্লকের কর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। উচ্ছ্বসিত সমর্থকরা এলাকায় মিষ্টি বিলি ও মিছিল শুরু করেন। মঙ্গলবার প্রার্থী হিসেবে নাম জানার পরই গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে পুজো দেন বঙ্কিমচন্দ্র হাজরা। এরপর কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার অভিযান শুরু করে দেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, বিরোধীদের মোকাবিলায় অভিজ্ঞ বঙ্কিমবাবুকে প্রার্থী করে তৃণমূল শুরুতেই মাস্টারস্ট্রোক দিল। এখন দেখার, পঞ্চমবারের লড়াইয়ে তিনি জয়ের ব্যবধান কতটা বাড়াতে পারেন।


Post A Comment:
0 comments so far,add yours