সুন্দরবন এলাকায় বারবার অগ্নিকাণ্ড; সাধারণ মানুষকে সতর্ক করতে পথে নামলেন গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি

সুন্দরবন এলাকায় পর পর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। আগুনের হাত থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে এবার কোমর বেঁধে পথে নামল পুলিশ। বুধবার গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার নিজেই মাইক হাতে এলাকায় প্রচার চালিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন।
গত কয়েক দিনের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার এল-প্লট এবং ইন্দ্রপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে শুষ্ক আবহাওয়া ও আগুনের জ্বালানি হিসেবে খড়ের গাদার উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবেই এই সচেতনতা কর্মসূচি।

এদিন মাইকিং প্রচারের মাধ্যমে ওসি বিভাস সরকার গ্রামবাসীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
রাস্তার পাশে বা বাড়ির একদম গা ঘেঁষে বড় খড়ের গাদা বা দাহ্য বস্তু না রাখার অনুরোধ জানানো হয়েছে। আগুন লাগলে যাতে সবটা নষ্ট না হয়, তার জন্য বড় বড় গাদা না দিয়ে কম বিচালি দিয়ে ছোট ছোট গাদা তৈরি করার বৈজ্ঞানিক উপদেশ দেন তিনি। বাড়ির আশেপাশে কোথাও ধোঁয়া দেখলে বা আগুনের ফুলকি নজরে এলে দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেওয়ার কথা বলা হয়েছে।
পুলিশের এই সক্রিয় ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা। ওসির এই সরাসরি বার্তা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই সচেতনতামূলক প্রচার জারি থাকবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours