রান্না চলাকালীনই বিপত্তি! নামখানায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বসতবাড়ি*


ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। মঙ্গলবার রাতে নামখানা থানার দক্ষিণ হরিপুর এলাকায় এক বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বসতবাড়ি। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়াল রামকৃষ্ণ মণ্ডলের পরিবার।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ রামকৃষ্ণ বাবুর বাড়িতে হঠাৎই আগুন লাগে। সেই সময় তাঁর মেয়ে পাশের রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎই ঘরে আগুনের শিখা দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বালতি করে জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগান। 
খবর দেওয়া হয় নামখানা থানা ও দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই গ্রামবাসিদের তৎপরতায় আগুনের তীব্রতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। পরবর্তী ৪৫ মিনিটের চেষ্টায় দমকল বাহিনী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের লেলিহান শিখা এতই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বাড়ির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র রক্ষা করা যায়নি। ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।


দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘরের ভেতরে থাকা দাহ্য বস্তুর কারণেই তা দ্রুত বিধ্বংসী রূপ নেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও, সহায়-সম্বল হারিয়ে রামকৃষ্ণ বাবুর পরিবার এখন দিশেহারা।


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours