কড়া নিরাপত্তায় গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল: শুরু হচ্ছে মাহেন্দ্রক্ষণ

হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করেই মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে সমবেত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। আজ দুপুর ১টা ১৫ মিনিট থেকে শুরু হচ্ছে স্নানের মাহেন্দ্রক্ষণ, যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। তবে শুভ মুহূর্ত শুরুর আগে সকাল থেকেই কয়েক লক্ষ পুণ্যার্থী সাগরে স্নান সেরে ভিড় জমিয়েছেন কপিল মুনির আশ্রমে। সারিবদ্ধভাবে চলছে পুজো ও আরতি। পুণ্যার্থীদের এই সুবিশাল ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

 আকাশপথে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। মেলা চত্বরের প্রতিটি কোণ মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। জলপথে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ (NDRF)-এর কর্মীরা। স্পিডবোট নিয়ে সাগরের বুকে নিরন্তর টহল দিচ্ছেন উদ্ধারকারীরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের যাতায়াত ও ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবক। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে খামতি নেই, বরং ভক্তি আর শৃঙ্খলার মেলবন্ধনে জমজমাট এবারের সাগর মেলা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours