ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌশুনী দ্বীপের কুসুমতলা গ্রামে সদ্যজাতের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গ্রামের রাস্তার পাশে একটি ড্রেনে সদ্যজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।
স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ড্রেন থেকে সদ্যজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অনুমান, শিশুটির জন্মের পরই তাকে ফেলে দেওয়া হয়েছে, যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কে বা কারা সদ্যজাতকে এভাবে ফেলে রেখে গেছে এবং এর পিছনে কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ করা হবে।
সদ্যজাতের দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Post A Comment:
0 comments so far,add yours