মুড়িগঙ্গায় চড়ায় ধাক্কা ফ্লাই অ্যাশ ভর্তি বাংলাদেশী বার্জের, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ জন নাবিক
বুধবার দুপুরে সাগরের কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে **‘এমভি তামজিদ নাসির’** নামের বার্জটি দুর্ঘটনার মুখে পড়ে। বার্জটিতে থাকা ১০ থেকে ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও, পণ্য-সহ বার্জটির অধিকাংশ অংশ এখন জলের তলায়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বার্জটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ বা ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে নদীগর্ভে জেগে থাকা একটি বিশালাকার চড়ায় সজোরে ধাক্কা মারে বার্জটি। ধাক্কার অভিঘাতে বার্জের নিচের অংশ ফেটে যায় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে বার্জটি ডুবতে শুরু করে।
বার্জটি ডুবতে দেখে চিৎকার শুরু করেন নাবিকরা। সেই সময় নদীতে থাকা অন্যান্য ট্রলার দ্রুত তৎপরতার সঙ্গে এগিয়ে আসেন। বার্জটিতে থাকা ১০ থেকে ১২ জন নাবিককেই অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। তবে বার্জটি পুরোপুরি না ডুবলেও সেটির সিংহভাগ অংশই বর্তমানে জলের নিচে চলে গিয়েছে।ঘটনায় টন টন ফ্লাই অ্যাশ নদীগর্ভে মিশে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের পথে এই বার্জটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পোর্ট ট্রাস্টকেও বিষয়টি জানানো হয়েছে। বার্জটিকে উদ্ধারের জন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours