গঙ্গাসাগর মেলায় জনজোয়ার। ১৫ দিনে উপস্থিত ৮৫ লক্ষ পুণ্যার্থী।
মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গাসাগর মেলায় উপচে পড়া ভিড়। বুধবার বিকেল ৫টায় মেলা প্রাঙ্গণের অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী জানান, ১ জানুয়ারি থেকে আজ বেলা ৩টে পর্যন্ত মেলায় মোট ৮৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে।
বিশাল এই ভিড় সামলাতে প্রশাসন কোনো খামতি রাখছে না। মেলা প্রাঙ্গণে ১৫ হাজার পুলিশ কর্মীর পাশাপাশি মেলা চত্বরের বিভিন্ন পয়েন্টে ১৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছেন। পুণ্যার্থীদের সহায়তায় ২৪ ঘণ্টা কাজ করে চলেছে এই বাহিনী।
মেলার স্মৃতি ধরে রাখতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে ব্যাপক সাড়া মিলেছে। মন্ত্রী জানান, এখনো পর্যন্ত ৫ লক্ষ ৭৫ হাজার পুণ্যার্থী ‘বন্ধন’ অ্যাপের মাধ্যমে নিজেদের ছবি সম্বলিত ই-শংসাপত্র সংগ্রহ করেছেন।
মেলায় হারিয়ে যাওয়া ব্যক্তিদের পরিজনদের কাছে ফিরিয়ে দিতে তৎপর রয়েছে প্রশাসন।
৪,৮৮৩ জন নিখোঁজ পুণ্যার্থীর মধ্যে ৪,৮৬০ জনকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরানো হয়েছে। ২৭২টি চুরির ঘটনার মধ্যে ২৬০টি ক্ষেত্রে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মেলায় একজন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতর নাম মিঠু মণ্ডল (৫২), তিনি অসমের বাসিন্দা। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এছাড়া, গুরুতর অসুস্থ ৫ জন পুণ্যার্থীকে উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোর ও এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours