গঙ্গাসাগরে প্লাস্টিক বর্জনে অভিনব 'লক্ষ্মীর ভাণ্ডার', পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কাগজের ব্যাগ

পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন ও পরিচ্ছন্নতার বার্তা দিতে গঙ্গাসাগর মেলায় এক অনন্য উদ্যোগ নিল প্রশাসন। মেলায় আগত পুণ্যার্থীদের হাত থেকে ক্ষতিকারক প্লাস্টিক বা পলিথিন ব্যাগ সংগ্রহ করে তার বদলে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ তুলে দিতে খোলা হয়েছে বিশেষ স্টল। রাজ্যের জনপ্রিয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের থিমকে সামনে রেখেই এই সচেতনতামূলক স্টলটি সাজানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এই বিশেষ স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতে কেটে এই কর্মসূচির সূচনা করেন জিবিডিএর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি। উপস্থিত ছিলেন জিবিডিএ-র এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন তরফদার সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।


উদ্বোধনী অনুষ্ঠানে সীমন্ত কুমার মালি বলেন, "গঙ্গাসাগরকে প্লাস্টিক মুক্ত রাখা আমাদের প্রধান লক্ষ্য। পুণ্যার্থীরা যাতে প্লাস্টিক ব্যবহার না করেন, তার জন্য আমরা এই বিনিময় প্রথা চালু করেছি। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি এই স্টল থেকে পুণ্যার্থীদের হাতে কাগজের ব্যাগ পৌঁছে দেওয়া হচ্ছে।"
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আসা দর্শনার্থীরাও। কাগজের ব্যাগ বিতরণের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে মেলা চত্বরে প্লাস্টিক ব্যবহার না করার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে। সুন্দরবনের পরিবেশ ও সাগরতটকে দূষণমুক্ত রাখতে এই পদক্ষেপ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours