শুধুই কাঠমান্ডু রাজধানী নয়, উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন অংশে। পুলিশে-মানুষে চলা সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। এই পরিস্থিতি নেপালের ভবিষ্যৎ কোন পথে সেটাই এখন দেখা বিষয়। সেনাশাসন নাকি ফিরবে রাজতন্ত্র?
প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন, অগ্নিদগ্ধ হলেন খানালের স্ত্রী
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাসভবনে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা। সেইসময় বাসভবনের ভিতরে ছিলেন খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। তিনি গুরুতর জখম হয়েছেন। তাঁকে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন খানাল। এদিকে, প্রধানমন্ত্রী পদে কেপি শর্মা ওলি ইস্তফা দিতেই কাঠমান্ডুর রাস্তায় উল্লাস বিদ্রোহীদের।
নেপালের বিদেশমন্ত্রীকে বেধড়ক মারধর বিক্ষোভকারীদের
নেপালের অর্থমন্ত্রীর পর সেদেশের বিদেশমন্ত্রীকেও মারধর করা হল। অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে মারধরের ছবি সামনে এসেছে। এরপর সেদেশের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবাকেও বিক্ষোভকারীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিদেশমন্ত্রীর রক্তাক্ত ছবি সামনে এসেছে। এমনকী, আরজু রানার পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বার্তা বিদেশমন্ত্রকের
নেপাল ভারতের প্রতিবেশী এবং বন্ধু দেশ। নিজেদের বার্তায় সেকথা উল্লেখ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আবেদন জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে ভারত। কাঠমান্ডু-সহ একাধিক জায়গায় ফের কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক।
পড়ুন: নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের বড় বার্তা বিদেশমন্ত্রকের
গদি ছাড়লেন ওলি
যেন বাংলাদেশের ছায়া নেপালে। দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনাবাহিনীর তরফে তাঁকে পদত্যাগের অনুরোধ জানানো হয়েছিল।
সংসদ ভবন বিদ্রোহীদের দখলে
মঙ্গলবার দফায় দফায় পারদ চড়ল আন্দোলনের। প্রতিবাদ পরিণত হল গণঅভ্যুত্থানে। সংসদ ভবনের সামনে রাস্তা সম্পূর্ণ ভাবে দখল নিয়েছে বিদ্রোহীরা। সেনার থেকে কেড়ে নিয়েছে বন্দুক। তুলে নিয়েছে নিজেদের হাতে।
ফুঁসছে নেপাল! মাঝরাস্তায় মার খেলেন নেপালের অর্থমন্ত্রী
তিনি ছুটে পালানোর চেষ্টা করছিলেন। তখনই দৌড়ে এসে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণ প্রসাদ পৌডেলকে লাথি মারলেন এক যুবক। ছিটকে পড়লেন রাস্তায়। সমাজমাধ্যমে এখন ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)।
নেপাল-পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ নজরদারি
নেপাল-পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ নজরদারি। দার্জিলিঙের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন খোদ ডিজি রাজীব কুমার। নজর রয়েছে পানিট্যাঙ্কি এলাকাতেও। কোনও ভাবেই যেন অশান্তি বিধ্বস্ত নেপাল থেকে এই দিকে উন্মত্ত জনতা ঢুকে না পড়ে, সেই কথা মাথায় রেখেই তৎপরতা বেড়েছে ইন্দো-নেপাল সীমান্তে।
পরপর ইস্তফা মন্ত্রীদের
মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু বৈঠক কি আদৌ হবে? কারণ ওলির অবস্থান নিয়ে চড়েছে জল্পনা। যে কোনও মুহূর্তেই সে দেশছাড়া হতে পারে বলেই মনে করছে একাংশ। সূত্রের খবর, দুবাইতেই আস্তানা খুঁজছে প্রধানমন্ত্রী ওলি। আর এদিকে মন্ত্রিসভা প্রায় ফাঁকা। ইস্তফা দিয়েছেন ১০ জনের অধিক মন্ত্রী।
সেনাশাসন নাকি রাজতন্ত্র?
নেপালে কি এবার সেনাশাসন? প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দেশছাড়া নিয়ে চড়েছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে নতুন সরকার তৈরির ক্ষমতা দু’টি গোষ্ঠীর হাতে থাকছে, এক সেনা, অন্য রাজা। কে এগিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়।
দেশছাড়া প্রধানমন্ত্রী?
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালের প্রধানমন্ত্রী আপাতত তোড়জোড় করছেন দেশছাড়ার। বিমানবন্দর দখল নিয়েছে সেনা। দাঁড়িয়ে সারি সারি চপার। তা হলে কি মন্ত্রীদের নিয়ে এবার দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জোর জল্পনা
কাঠমান্ডু: বদলে যাচ্ছে নেপালের সমীকরণ। তপ্ত জনতা দখল নিয়েছে গোটা দেশের। শুধুই কাঠমান্ডু রাজধানী নয়, উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন অংশে। পুলিশে-মানুষে চলা সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। এই পরিস্থিতি নেপালের ভবিষ্যৎ কোন পথে সেটাই এখন দেখা বিষয়। সেনাশাসন নাকি ফিরবে রাজতন্ত্র?


Post A Comment:
0 comments so far,add yours