অবৈধ প্রেমকে পূর্ণতা দিতে নিজের সন্তানকে আছড়ে খুন করল মা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে। ইতিমধ্যে এই ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে সাংবাদিক বৈঠক করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।

বিবাহিত জীবন ছেড়ে নতুন করে উড়তে চাওয়ার নেশাই এমন ঘটনার দিকে ঠেলে দিল পারুলিয়া কোস্টাল থানা এলাকার এক গৃহবধূকে‌। জানা গিয়েছে ওই গৃহবধূ চিংড়ি ফ্যাক্টরিতে কাজে যেতেন। যাতায়াতের পথে পরিচয় হয় রায়দিঘি এলাকার এক বাস কন্ডাক্টরের সঙ্গে। 

বছরখানেকের এই প্রেমকে পূর্ণতা দিতে ওই বাস কন্ডাক্টরকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি ছাড়েন নাজিরা বিবি নামের ওই গৃহবধূ। স্বপ্ন দেখতে শুরু করেন পিছনের জীবনকে মুছে ফেলে তাজ উদ্দিনের সঙ্গে নতুন করে সংসার পাতার। সেই মত তারা পরিকল্পনা করে পালিয়ে যান অন্ধ্রপ্রদেশে।

এদিকে ওই গৃহবধূর স্বামী আজাহার লস্কর স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান, যে তাঁর স্ত্রী কন্যাসন্তান সহ নিখোঁজ হয়ে গিয়েছে। পারুলিয়া কোস্টাল থানার সরিষা কামারপোলের বাচ্চা সহ নিখোঁজে এই খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে তারা ভিনরাজ্যে চলে গিয়েছে। তবে সেখানে গিয়ে পুলিশ জানতে পারে ওই গৃহবধূর কন্যাসন্তান মারা গিয়েছে এবং তাকে সেখানে কবরস্থ করা হয়েছে।
এই ঘটনার পরম্পরায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় ওই গৃহবধূ এবং তার প্রেমিককে লাগাতার জেরা করা শুরু করে পুলিশ। জেরার মুখে একসময় ভেঙে পড়ে তারা।

এরপর নিজের কন্যাসন্তানকে আছড়ে খুন করার কথা জানায় ওই গৃহবধূ।বর্তমানে দু'জনকেই পুলিশ রিমান্ডে নিয়েছে। জানা গিয়েছে ওই মহিলা এখন গর্ভবতী। ওই মহিলার শারীরিক পরীক্ষা করা হবে। পিছনের জীবনকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চেয়ে প্রেমিকের সহায়তায় সন্তানকে খুন করল মা। এই ঘটনা ভাবাচ্ছে সকলকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours