সন্দীপ দাস,নামখানা: মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে নামখানা ব্লকের দশ মাইল বাজার এলাকায় প্রবীণদের হাতে নতুন বস্ত্র তুলে দিল আলোয় ফেরা ট্রাস্ট। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার প্রবীণদের পুজোর আনন্দে শামিল করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সংস্থাটি।
সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে চলেছে আলোয় ফেরা ট্রাস্ট। বৃক্ষরোপণ, চারাগাছের পরিচর্যা এবং প্রকৃতির সবুজ রক্ষার মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থা।
ট্রাস্টের কর্ণধার শিক্ষক শ্রী শান্তনু রায় জানান, এলাকার সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিও তাঁদের নিজেদের পরিবারের অংশ। তাঁদের সুখ-দুঃখে পাশে থাকা এবং সমাজের প্রান্তিক মানুষের সমস্যাগুলির সমাধানে সম্মিলিতভাবে এগিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রকৃতির সবুজকে অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ রক্ষার দায়িত্ব সকলকে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জল সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। উপস্থিত অতিথিরা প্রত্যেকেই জল অপচয় রোধ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার বার্তা দেন। ট্রাস্টের সঙ্গে যুক্ত সদস্য ও এলাকার শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সমাজের তৃণমূল স্তরের সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার কথাও উঠে আসে অনুষ্ঠানে।
এই কর্মসূচিতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শ্রী শান্তনু বেরা, দেবনগর মোক্ষদা দিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন টিচার-ইন-চার্জ শ্রী সঞ্জয় জানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অফিসার-ইন-চার্জ শ্রী সুদীপ মণ্ডল এবং ‘ফুলকি’ পত্রিকার সম্পাদক শ্রী তাপস পাল।
এ ছাড়াও স্থানীয় উত্তর শিবপুর আলাপন ক্লাবের প্রতিনিধিদের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার মেলবন্ধনে আলোয় ফেরা ট্রাস্টের এই উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। উৎসবের আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নেওয়া এবং সমাজের প্রবীণ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস স্থানীয় স্তরে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বকে আরও একবার তুলে ধরল।


Post A Comment:
0 comments so far,add yours