নদীবাঁধ বাঁচুক, বেঁচে থাকুক ঘরবাড়ি—এই প্রার্থনাতেই চতুর্থ বর্ষে সল্টঘেরীর দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতা, মৌসুনি: উৎসবের আলো আর ঢাকের বাদ্যের মাঝেও বুকের ভিতর নদীভাঙনের আতঙ্ক। কখন নদী গিলে খাবে বসতভিটে, কখন ভেঙে পড়বে নদীবাঁধ, সেই দুশ্চিন্তাই তাড়া করে বেড়ায় মৌসুনি দ্বীপের সল্টঘেরীর বাসিন্দাদের। আর এই অনিশ্চয়তার মধ্যেই দেবী দুর্গার কাছে ঘরবাড়ি ও ভিটেমাটি রক্ষার প্রার্থনা নিয়ে চতুর্থ বর্ষে পা দিল এলাকার মহিলাদের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো।

দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এই দ্বীপে নদী যেমন জীবন-জীবিকার উৎস, তেমনই কখনও আতঙ্কের কারণ। বিশেষ করে সল্টঘেরী এলাকায় নদীবাঁধের বেহাল অবস্থা ও ভাঙনের আশঙ্কায় উদ্বেগে দিন কাটে বাসিন্দাদের। জোয়ারের জল বাড়লেই বাড়ে দুশ্চিন্তা। নিজেদের সাজানো সংসার হারানোর ভয় তাঁদের নিত্যসঙ্গী।
এই পরিস্থিতিতেই চার বছর আগে এলাকার প্রায় ২০ জন মহিলা নিজেদের উদ্যোগে দুর্গাপুজো শুরু করেন। নিজেদের মধ্যে চাঁদা তুলে শুরু হওয়া এই পুজো এখন তাঁদের ঐক্য ও বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক।

পুজো কমিটির সভাপতি অপর্ণা সেন ও সদস্য মঞ্জু পয়া জানান, গত বছর এবং এ বছর কিছু সরকারি সাহায্য মিললেও পুজোর মূল ভরসা মহিলাদের সম্মিলিত উদ্যোগ। তাঁদের কথায়, উৎসবের আনন্দের পাশাপাশি ঘরবাড়ি রক্ষার প্রার্থনাই সবচেয়ে বড়।

তবে শুধু প্রার্থনা নয়, নদীভাঙন রুখতে স্থায়ী পদক্ষেপের দাবিও জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের একটাই আকুতি, মায়ের আশীর্বাদে অটুট থাকুক নদীবাঁধ, নদীর গ্রাস থেকে রক্ষা পাক তাঁদের শেষ সম্বল ভিটেমাটি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours