দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোহানিয়া ব্রিজে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার দুপুর পৌনে একটা নাগাদ ব্রিজের নামখানা প্রান্তে এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ থেকে বকখালির দিকে যাচ্ছিল দুটি বাইক। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইকে ধাক্কা মারে। একটি বাইকে ছিলেন এক দম্পতি এবং অন্য বাইকটিতে একাই ছিলেন এক ব্যক্তি।
সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একাকী বাইক আরোহী ছিটকে ব্রিজ থেকে নিচের রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত দ্বারিকানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শংকর মাইতি (৪৮)। তাঁর বাড়ি নামখানার চন্দনপিড়ি এলাকায়।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত বাইকে থাকা দম্পতির মধ্যে স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর স্ত্রীও আহত হয়েছেন, তবে তাঁর আঘাত তুলনামূলকভাবে সামান্য।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নামখানা থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটিকে চিহ্নিত করে আটক করা হয়েছে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours