দুর্গাপূজার অনুপস্থিতি ঢাকতে কোজাগরি লক্ষ্মীপুজোকেই শারদোৎসবের রঙে রাঙিয়ে তুললেন দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের সুদর্শন মোড়ের খান সাহেব আবাদ গ্রামের বাসিন্দারা। বিশ্বকর্মা পুজোর শুভলগ্নে জাগরণ কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অত্যন্ত ধুমধাম ও আনন্দের মধ্য দিয়ে সম্পন্ন হলো এ বছরের লক্ষ্মীপুজোর খুঁটি পুজো। জানা গেছে, খান সাহেব আবাদ গ্রামে কোনো দুর্গাপূজার আয়োজন হয় না।


ফলে গ্রামের মানুষ প্রতিবছর শারদোৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। এই আক্ষেপ দূর করতেই গ্রামের সকলে মিলে চাঁদা তুলে কোজাগরি লক্ষ্মীপুজোকে দুর্গোৎসবের আকারে উদযাপন করার এক অনন্য নজির সৃষ্টি করেছেন।বিগত তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো এ বছর ৩৩তম বছরে পদার্পণ করল। গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হয় না এটি নেহাতই একটি লক্ষ্মীপুজো। পাঁচ দিন ব্যাপী চলা এই পূজোকে কেন্দ্র করে গোটা এলাকায় সাজো সাজো রব পড়ে যায়। 

দুর্গাপূজার আদলেই এখানে চোখ ধাঁধানো আলোকসজ্জা, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা এবং হরেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের মানুষের ত্যাগে ও সহযোগিতায় এই পুজো আজ সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। আজ খুঁটি পুজো সম্পন্ন হওয়ার মধ্যে দিয়েই আগামী উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেল।ধর্মীয় আচার পালনের পাশাপাশি দুর্গোৎসবের আমেজে মেতে ওঠার এই অভিনব উদ্যোগ গোটা গঙ্গাসাগর অঞ্চলেই এক বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours