সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুজো পরিচালনার বার্তা বিডিওর
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাগরদ্বীপে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। পুজো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়ম মেনে পরিচালনার লক্ষ্যে সাগর ব্লকের বিডিও অফিসে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক।
বৈঠকে সাগরদ্বীপের বিভিন্ন দুর্গাপুজো কমিটির পদাধিকারীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী, সাগর থানার ওসি অর্পণ নায়ক, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ ঘোষ, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজেশ জানা, অরুণাভ দাস, অনিতা প্রধান, বিকাশ কামিলা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বৈঠকে দুর্গাপুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং পুজো কমিটিগুলির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে পুজো পরিচালনার পাশাপাশি উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়।
পুজো কমিটিগুলির পক্ষ থেকে বিভিন্ন বিষয় প্রশাসনের নজরে তুলে ধরা হয়। প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
বৈঠকের শেষে সাগর ব্লকের সমস্ত দুর্গোৎসব কমিটি এবং দ্বীপবাসীকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা জানান বিডিও অনন্ত কুমার গোস্বামী।
প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করে সাগরদ্বীপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করাই এই বৈঠকের মূল লক্ষ্য বলে প্রশাসন সূত্রে জানা যায়।


Post A Comment:
0 comments so far,add yours