বর্ষায় চরম দুর্ভোগে গ্রামবাসীরা
সন্দীপ দাস, পাথর প্রতিমা : পাথরপ্রতিমার
পূর্নচন্দ্রপুর অঞ্চলের অন্তর্গত শ্রীনারায়ণপুর নামের ছোট্ট গ্রামটিতে দীর্ঘদিন ধরে কাঁচা ও কাদা রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর পার হয়ে গেলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। এমনকি ইটের রাস্তা পর্যন্ত তৈরি করা হয়নি এখানে।


বর্ষা মরশুমে এই গ্রামের অবস্থা মারাত্মক রূপ ধারণ করে। কাদা ও জল জমে রাস্তার যাতায়াত ব্যবস্থা একপ্রকার অচল হয়ে পড়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় খুদে স্কুলপড়ুয়াদের। কাদা পেরিয়ে স্কুলে যাওয়া তাদের জন্য নিত্যদিনের এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে এই বেহাল রাস্তা বড় বাধা সৃষ্টি করছে। গ্রামের কোনো অসুস্থ ব্যক্তি বা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয়। কাদা রাস্তার কারণে যানবাহন প্রবেশ করতে না পারায় অনেক সময় রোগীকে চাদরে বেঁধে, কোলে করে কিংবা সাইকেলের ওপর উঁচিয়ে নিয়ে যেতে হয়। এছাড়াও বয়স্ক মানুষদের ক্ষেত্রে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা কলাবতী মিস্ত্রি জানান, “বহু বছর ধরে রাস্তাটি কাঁচাই রয়ে গেছে। বর্ষাকালে বাচ্চা থেকে বৃদ্ধ—সকলকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনকে বারবার এ বিষয়ে জানানো হলেও আশানুরূপ কোনো কাজ হয়নি। প্রশাসন থেকে কেবল আশ্বাস দেওয়া হয়েছে যে কাজ অল্প অল্প করে হবে।”
গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসন যেন এই সমস্যার গুরুত্ব উপলব্ধি করে দ্রুত এই কাঁচা রাস্তা পাকা করার বা ইট ফেলার ব্যবস্থা গ্রহণ করে, যাতে তাঁদের নিত্যদিনের এই চরম ভোগান্তি থেকে মুক্তি মেলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours