বর্ষা শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বারিকপাড়ার প্রায় ৪৫০ মিটার দীর্ঘ কাঁচা রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়েছে। হাঁটুসমান কাদায় পরিণত হওয়া রাস্তায় প্রতিদিন যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। 


শিশুদের স্কুলে যাওয়া, পানীয় জল আনা থেকে শুরু করে জরুরি চিকিৎসার ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।

স্থানীয়দের অভিযোগ, আশপাশের অধিকাংশ রাস্তা পাকা হলেও এই রাস্তাটির এখনও পাকাকরণ হয়নি। কোনও বাসিন্দা অসুস্থ হলে তাঁকে খাটিয়া বা দোলায় করে মূল রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়।

বাসিন্দা সত্যভামা বারিক জানান, বর্ষার সময়ে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার জানানো হলেও এখনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ।
তবে বিজেপির নামখানা মণ্ডল-৫-এর সাধারণ সম্পাদক স্বপন মাইতি জানান, এই রাস্তার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও বিধায়ক সুমন্ত মণ্ডলের কাছে আবেদন করা হয়েছিল। প্রস্তাবটি ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। ইট পাতার পর রাস্তাটি কংক্রিট করা হবে বলে বিধায়ক আশ্বাস দিয়েছেন। বর্ষা কমলেই দ্রুত কাজ শুরু হবে বলে দাবি তাঁর।

রাস্তা পাকা হওয়ার আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours