রাজ্যে 'এসআইআর' (SIR)-এর নামে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে স্বজনপোষণ এবং ১০০ দিনের কাজের বকেয়া পারিশ্রমিক আটকে রাখার প্রতিবাদে গর্জে উঠল সিপিআইএম। পাশাপাশি এলাকায় বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং সম্প্রতি নামখানায় সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার নামখানা বিডিও অফিসে এক বিশাল ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ সিপিআইএম নামখানা এরিয়া কমিটির আহ্বানে বিডিও অফিসের মূল গেটের সামনে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত বাম নেতৃত্ব রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের গণবিরোধী নীতি এবং বিজেপির অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল ঘড়ুই বলেন, "নির্বাচন কমিশন সাধারণ নাগরিক ও বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে গভীর ষড়যন্ত্র করছে। এসআইআর-এর বাহানায় নামখানা ব্লকের বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।" তিনি আরও যোগ করেন, "সরকার সাধারণ মানুষকে ধারাবাহিকভাবে প্রতারিত করে চলেছে। 'অন্নপূর্ণা যোজনা'র মতো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বহু যোগ্য ও দুস্থ মহিলাকে বঞ্চিত রাখা হয়েছে। ১০০ দিনের কাজের বিপুল বকেয়া টাকা না মিটিয়ে 'ভিবিজি রামজি' নামে নতুন প্রকল্পের মাধ্যমে স্রেফ ধোঁকাবাজি চলছে। অবিলম্বে গরিব মানুষের বকেয়া পারিশ্রমিক মেটাতে হবে।"
এই কর্মসূচিতে স্থানীয় বিজেপির একাংশের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধেও সরব হন বাম নেতারা। এলাকায় বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে তোলাবাজি, সাধারণ মানুষের জমি দখল এবং মাফিয়ারাজ চালানোর অভিযোগ তোলা হয়। সম্প্রতি নামখানা থানা সংলগ্ন নামখানা বাজারে খবর সংগ্রহ করতে গিয়ে বিজেপি নেতা কর্মীদের হাতে সাংবাদিকদের হেনস্থা ও আক্রমণের শিকার হওয়ার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয় সিপিআইএমের পক্ষ থেকে।
মঞ্চে বক্তব্য পর্ব শেষে সিপিআইএমের পাঁচজনের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) হাতে একাধিক দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, প্রশাসন যদি অবিলম্বে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আগামী দিনে নামখানা ব্লক জুড়ে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথ বেছে নেবে বামেরা।


Post A Comment:
0 comments so far,add yours