২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির করা প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্পের মাধ্যমে মা-বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে পৌঁছানো শুরু হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে খুশির হাওয়া।
এই প্রতিশ্রুতি পূরণের আনন্দে বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর মন্ডল টু-এর ডাকে সুমতিনগর নন্দের বাজার এলাকায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র্যালির আয়োজন করা হয়। এদিনের এই স্বতঃস্ফূর্ত মিছিলে এলাকার বহু সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা অংশ নেন। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করায় এবং মা-বোনেদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়ায় প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
বিজেপির সাগর মন্ডল টু এর মন্ডল সভাপতি ভোলানাথ মাইতি বলেন , মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই ধরনের প্রকল্প যুগান্তকারী ভূমিকা পালন করছে, যার সুফল এখন পুরোপুরি হাতে পাচ্ছেন রাজ্যের মহিলারা।প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বাকি থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টেও খুব শীঘ্রই এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।


Post A Comment:
0 comments so far,add yours