শিক্ষক দিবস উপলক্ষে সাগর বিধানসভায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সাগর ব্লকের সমস্ত প্রাইমারি ও হাই স্কুলের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানের আয়োজন ও উদ্যোগে ছিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমীর রঞ্জন গিরি। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী মুক্তিপ্রদানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী জীতাত্মানন্দজি মহারাজ, গঙ্গাসাগর ইসকন মন্দিরের প্রভু গোবিন্দ সুন্দর মহারাজ এবং গঙ্গাসাগরের বড় আশ্রমের মহারাজ স্বামী নরধামজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর বিধানসভার কনভেনার সোমনাথ ভূঁইয়াসহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব।

পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ভারতমাতা এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিধায়ক সুমন্ত মণ্ডলসহ উপস্থিত মহারাজরা।

এরপর সাগরের পথিক হরিপদ বাগুলির মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থিত মা কালী মন্দিরে মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানের মূল পর্বে সাগর ব্লকের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের হাতে শ্রদ্ধাঞ্জলি পত্র এবং সম্মানিক উপহার তুলে দেন বিধায়ক সুমন্ত মণ্ডল। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান এবং সমাজ গঠনে তাঁদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, শিক্ষক-শিক্ষিকারা শুধুমাত্র পড়াশোনা শেখান না, তাঁরা আগামী প্রজন্মকে তৈরি করেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম। তাই শিক্ষক দিবসের মতো বিশেষ দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো প্রত্যেকের কর্তব্য।

প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানোর এই উদ্যোগে আবেগঘন হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। শিক্ষক দিবসের দিনে সাগরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই বিশেষ অনুষ্ঠান নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ বার্তা বহন করল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours