সন্দীপ দাস।,সাগর: শব্দদূষণ নিয়ন্ত্রণে এবার কড়া অবস্থান নিল সাগর ব্লক প্রশাসন ও সাগর থানার পুলিশ। আগামী ১৮ সেপ্টেম্বর মনসা প্রতিমা বিসর্জনকে সামনে রেখে রুদ্রনগর BDO অফিসে সাগর ব্লকের সমস্ত মনসা পুজো কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা।
বৈঠকে পুজো কমিটিগুলিকে স্পষ্টভাবে জানানো হয়, নির্ধারিত শব্দবিধি মেনেই উৎসব পালন করতে হবে। উচ্চস্বরে মাইক, DJ বা বক্স বাজানো যাবে না। শব্দবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।
প্রশাসনের বক্তব্য, অতিরিক্ত শব্দের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের শারীরিক সমস্যার আশঙ্কা থাকে। তাই সাধারণ মানুষের স্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে সকলকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সাগরের BDO অনন্ত কুমার গোস্বামী, সাগর থানার OC অর্পণ নায়েক-সহ পুলিশ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাগর বিধানসভার কনভেনার সোমনাথ ভুঁইয়া, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য অরুনাভ দাস, যুব সভাপতি নিতাই দাস, সাগর মণ্ডল-৩-এর সভাপতি রাজেশ জানা-সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
মনসা বিসর্জনের আগেই প্রশাসনের এই কড়া বার্তায় স্পষ্ট, উৎসব হবে, তবে শব্দবিধি মেনেই।


Post A Comment:
0 comments so far,add yours