পাথরপ্রতিমার বরদাপুর ফুটবল অ্যাকাডেমির মুকুটে যোগ হল নতুন পালক। অ্যাকাডেমির দুই প্রতিভাবান ফুটবলার প্রেমজিৎ পাত্র ও সুপ্রিয় দাস জেলা স্তরের প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স করে রাজ্য স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুই খেলোয়াড়ের এই সাফল্যে উচ্ছ্বসিত অ্যাকাডেমির কোচিং সেন্টার থেকে শুরু করে গোটা বরদাপুর এলাকা।
জানা গিয়েছে, বরদাপুর কোচিং সেন্টারের ছাত্র প্রেমজিৎ পাত্র অনূর্ধ্ব-১৪ বিভাগে এবং সুপ্রিয় দাস অনূর্ধ্ব-১৯ বিভাগে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। জেলা স্তরের প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের সুবাদে এবার রাজ্য স্তরে খেলার সুযোগ পেয়েছে তারা।
দুই ফুটবলারের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বরদাপুর ফুটবল অ্যাকাডেমির সদস্যরা। প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের ফুটবলের প্রতি আগ্রহ তৈরি করতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণ দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এই অ্যাকাডেমি।
অ্যাকাডেমির কর্ণধার পঙ্কজ পাত্রের প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন অ্যাকাডেমির সদস্যরা। তাঁদের আশা, আগামী দিনে আরও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এই অ্যাকাডেমি থেকে।
প্রেমজিৎ ও সুপ্রিয়র রাজ্য স্তরের লড়াইয়ের দিকে এখন তাকিয়ে গোটা বরদাপুর। তাঁদের হাত ধরে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে অ্যাকাডেমি ও এলাকাবাসী।
পাথরপ্রতিমা থেকে সুপ্রতিম মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours