সৌরভ নস্কর, গঙ্গাসাগর: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার পাশাপাশি গঙ্গাসাগরেও শুরু হয়েছে টানা ভারী বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে গঙ্গাসাগরের সমুদ্র। একের পর এক বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। ঢেউয়ের তীব্র আঘাতে সৈকত সংলগ্ন এলাকায় ধীরে ধীরে ভাঙন দেখা দিয়েছে। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রের কাছে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা।
নিম্নচাপের প্রভাবে আগামী সময়েও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকলে ভাঙনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours