পাথরপ্রতিমার কুমারপুর এলাকায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রীর গৃহশিক্ষক দীপক মাইতির বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দীপক মাইতির বাড়িতে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে, সেই অভিযোগের ভিত্তিতে দীপক মাইতিকে গ্রেফতার করে পাথরপ্রতিমা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
গ্রেফতারের পর অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। অভিযোগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত দীপক মাইতি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজেপির পাথরপ্রতিমা মণ্ডল-৩-এর সভাপতি অলকেশ পুরকাইত দীপক মাইতিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
৬ আগস্ট ২০২৬ তারিখে জারি করা দলীয় চিঠিতে দীপক মাইতির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির কথা উল্লেখ করে তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য রয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।
পাথরপ্রতিমা থেকে পূর্ণব্রত হাজরার রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours