সাগর বিধানসভা কেন্দ্রের গঙ্গাসাগরের লাইট হাউস মোড় এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি কৃষি সরঞ্জাম। একটি বাড়ি থেকে ৫০টিরও বেশি ধান ছাড়ানোর মেশিন-সহ বিভিন্ন কৃষিজাত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে ওই সরঞ্জামগুলি মজুত ছিল। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বরাদ্দ সরকারি প্রকল্পের সামগ্রী উপভোক্তাদের মধ্যে বিতরণ না করে ওই বাড়িতে রাখা হয়েছিল।
বাড়ির মালিকের দাবি, মাসিক ৫০০ টাকা ভাড়ার বিনিময়ে কয়েকজন রাজনৈতিক নেতার মাধ্যমে ওই সামগ্রী তাঁর বাড়িতে রাখা হয়েছিল। এই ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সরকারি প্রকল্পের সামগ্রী কীভাবে সেখানে পৌঁছল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট, কাকদ্বীপ ডট কম।


Post A Comment:
0 comments so far,add yours