দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, রায়দিঘী ও মন্দিরবাজার এলাকার দীর্ঘদিনের অন্যতম দাবি হল হটুগঞ্জ থেকে রায়দিঘী পর্যন্ত সড়ককে জাতীয় সড়ক (ন্যাশনাল হাইওয়ে) হিসেবে ঘোষণা করে আধুনিকীকরণ করা। সেই দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার।
সাংসদ বাপী হালদার বৈঠকে হটুগঞ্জ-রায়দিঘী সড়কের বর্তমান অবস্থা, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের গুরুত্ব এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই রাস্তাকে জাতীয় সড়কের মর্যাদা দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি, সড়কটির আধুনিকীকরণ হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে উল্লেখ করেন।
সাংসদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। যদিও প্রকল্পটি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সরকারি ঘোষণা বা অনুমোদন জারি হয়নি।
বৈঠকের পর বাপী হালদার জানান, মথুরাপুর, রায়দিঘী ও মন্দিরবাজারের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে তিনি ধারাবাহিকভাবে কেন্দ্রের কাছে বিষয়টি তুলে ধরছেন। তাঁর আশা, আগামী দিনে এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ তার সুফল পাবেন।
এলাকার বাসিন্দাদেরও আশা, বহু প্রতীক্ষিত এই সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও নতুন দিগন্ত খুলবে।


Post A Comment:
0 comments so far,add yours