সুন্দরবনঃ গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বন দফতরের সহযোগিতায় বুধবার সুন্দরবন এলাকায় একটি সন্দেহজনক ভারতীয় মাছধরা ট্রলার আটক করে। ট্রলার থেকে চারজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়। পাশাপাশি ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে কোনও আন্তঃসীমান্ত পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান আন্তঃসীমান্ত পাচারচক্রের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের সাফল্যেরই প্রমাণ। উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ধৃত চারজনকেই বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে চারটি লং ব্যারেল বন্দুক সহ প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের পরিচয় ও তাদের কর্মকান্ড সম্পর্কেও তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। এসডিপিও ক্যানিং মোত্তাকিনুর মোল্লা বলেন, “ ধৃতদের নাম, পরিচয় সহ তাদের সম্পর্কে জানার জন্য তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে এই অস্ত্র পেলেন এরা, কোথাও পাচারের পরিকল্পনা ছিল কিনা সব বিষয়েই খোঁজ চলছে।”


Post A Comment:
0 comments so far,add yours