​​অমাবস্যার কোটালের জেরে গঙ্গাসাগরে ফের ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। কপিলমুনির আশ্রম থেকে ১ নম্বর থেকে ৬ নম্বর ঘাটের বিভিন্ন অংশ নতুন করে ভেঙে তছনছ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।


​পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং শিক্ষা দপ্তরের আধিকারিকেরা।

​স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, প্রতি বছর বর্ষার আগে এভাবে ভাঙন শুরু হলেও মেলা চলাকালীন কোটি কোটি টাকার কাজ হলেও স্থায়ী কোনো সমাধান হয় না। তবে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, এবার আর গতানুগতিকভাবে কেবল মাটি ফেলে বাঁধ রক্ষার কাজ করা হবে না। নদী ভাঙন রোধে কীভাবে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা যায়, এখন সেই পরিকল্পনা ও চিন্তাভাবনাই শুরু করেছে প্রশাসন। ​অন্যদিকে, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। আন্তর্জাতিক মেলার রূপ দেওয়ার আগে এই ভাঙন সমস্যাকে স্থায়ীভাবে দূর করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours