দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভার দক্ষিণ কাশিনগর থেকে রায়দিঘি পর্যন্ত সরাসরি টোটো ও অটো চলাচলের নতুন রুট চালু হওয়ায় বোলেরবাজার এলাকার অটোচালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চালু থাকা বোলেরবাজার অটোস্ট্যান্ড কার্যত গুরুত্ব হারিয়েছে বলে অভিযোগ।
এর জেরে গত প্রায় দুই বছর ধরে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বহু চালকের রুজি-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় অটোচালকদের দাবি, আগে বোলেরবাজার স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৬০টি অটো যাত্রী পরিবহন করত। ব্রিজ নির্মাণের পরও কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে দক্ষিণ কাশিনগর থেকে সরাসরি রায়দিঘি পর্যন্ত অটো ও টোটো চলাচল শুরু হওয়ায় মাঝপথের স্ট্যান্ডগুলিতে যাত্রী ওঠানামা প্রায় বন্ধ হয়ে যায়। ফলে অনেক চালক বাধ্য হয়ে অন্য পেশায় চলে গিয়েছেন। বর্তমানে সারাদিন স্ট্যান্ডে দাঁড়িয়েও তেলের খরচ তোলার মতো ভাড়া মিলছে না বলে অভিযোগ।
চালকদের প্রস্তাব, দক্ষিণ কাশিনগর থেকে যাত্রীরা বোলেরবাজার পর্যন্ত এসে সেখান থেকে স্থানীয় অটোতে রায়দিঘি যাবেন এবং ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা চালু করা হোক। তাঁদের অভিযোগ, এই দাবির বিষয়টি প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের কাছে জানানো হলেও তা গুরুত্ব পায়নি।
সম্প্রতি এই ইস্যুতে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে চালকদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এখন প্রশাসন এই সংকটের সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার অটোচালক ও সাধারণ মানুষ।


Post A Comment:
0 comments so far,add yours