পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা: বেআইনি মদ ও অন্যান্য মাদকদ্রব্যের বিরুদ্ধে রাজ্যজুড়ে কড়া অবস্থানের প্রেক্ষাপটে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর অঞ্চলে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রজবল্লভপুর অঞ্চলের ক্ষেত্রমোহনপুর মৌজার যুধিষ্ঠির জানার ফেরিঘাট এলাকায় ভ্যান ও টোটো চালকদের উদ্যোগে এক ব্যক্তিকে, যিনি মদ বিক্রির উদ্দেশ্যে মদ বহন করছিলেন বলে অভিযোগ, জিজ্ঞাসাবাদ করা হয়। চালকদের দাবি, তাঁর কাছে মদ রয়েছে বলে স্বীকার করার পর ব্যাগ থেকে মদের বোতল বের করে সেগুলো নষ্ট করে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, ফেরিঘাট সংলগ্ন জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রির অভিযোগ উঠছিল। এর ফলে সাধারণ যাত্রী, নারী ও শিশুদের নিরাপত্তা এবং এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ।

উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে বেআইনি মদ, গাঁজা ও অন্যান্য মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বারবার জানানো হয়েছে। সেই প্রেক্ষাপটে স্থানীয় স্তরে এই ধরনের উদ্যোগকে মাদকবিরোধী সচেতনতার অংশ হিসেবে দেখছেন অনেকেই।

ভ্যান ও টোটো চালকদের দাবি, ভবিষ্যতেও যাতে এলাকায় বেআইনি মদ বা অন্য কোনো মাদকদ্রব্যের কারবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours