টানা বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন এলাকা, আর তার মধ্যেই জল নিকাশির মূল রাস্তা আটকে রমরমিয়ে চলছিল মাছ চাষ! লক্ষ্মীপুর গ্রামের কিছু অসাধু ব্যক্তির এই চরম স্বার্থপরতার জেরে জলের তলায় চলে যেতে বসেছিল ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর এবং অমরাবতী গ্রামের প্রায় ১০০ বিঘা চাষের জমি।
অবশেষে নিজেদের ফসলের জমি বাঁচাতে সরাসরি ময়দানে নামলেন গ্রামবাসীরা। গ্রামের সকলে হাতে হাত মিলিয়ে অসাধু চক্রের তৈরি করা অবৈধ বাঁধ এবং জালের নেট কেটে নিকাশির রাস্তা খুলে করলেন এলাকার ক্ষুব্ধ কৃষকরা।
গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে লক্ষ্মীপুর এলাকার কৃষিজমিগুলি কার্যত জলমগ্ন হয়ে রয়েছে। গ্রামবাসীদের দাবি, গ্রামেরই কিছু অসাধু ব্যক্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থে জল বেরোনোর মূল নিকাশি খালের ওপর অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নেট ঘিরে মাছ চাষ শুরু করেছিল। জল বেরোনোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের প্রায় ১০০০ বিঘা ধানের জমি জলের তলায় ডুবে গিয়ে ফসল পচে যাওয়ার উপক্রম হয়। চাষের জমি বাঁচাতে নিজেরাই সংঘবদ্ধ হয়ে ওই অবৈধ বাঁধ কেটে দেন এবং নিকাশি খালে ঘিরে রাখা মাছ চাষের নেট পুরোপুরি তুলে ফেলে জল বেরোনোর রাস্তা করে দেন।
নিজেদের রুটিরুজি বাঁচাতে লক্ষ্মীপুর গ্রামের কৃষকদের এই অ্যাকশন বর্তমানে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


Post A Comment:
0 comments so far,add yours