কয়েকদিন টানা বৃষ্টির জেরে ফ্রেজারগঞ্জ এর যে সমস্ত নদী বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামনেই ভরা কটালের জেরে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সমস্ত নদী বাঁধগুলি খতিয়ে দেখতে শুক্রবার বকখালিতে এলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস।
এদিন সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে বকখালি সমুদ্র সৈকত এবং ফ্রেজারগঞ্জের একাধিক বেহাল নদী বাঁধ ঘুরে দেখেন তিনি। প্রান্তিক মানুষের আতঙ্কের মাঝে মন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বকখালি সমুদ্র সৈকত পরিদর্শনের পাশাপাশি ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের যে সমস্ত নদী বাঁধগুলি দীর্ঘকাল ধরে অত্যন্ত দুর্বল এবং যেকোনো মুহূর্তে ভেঙে যাওয়ার মুখে, এদিন সেই এলাকাগুলি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
বেহাল বাঁধগুলি খতিয়ে দেখার পর সেচমন্ত্রী অরূপ দাস স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন। তিনি জানান, যে সমস্ত নদী বাঁধগুলি দুর্বল অবস্থায় রয়েছে, সেচ দপ্তরের তরফ থেকে খুব শীঘ্রই যুদ্ধকালীন তৎপরতায় সেগুলি মেরামতের কাজ শুরু করা হবে।


Post A Comment:
0 comments so far,add yours