হেলমেট যেমন জীবন বাঁচায়, তেমনি গাছ বাঁচায় পরিবেশ”— এই বার্তাকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অভিনব কর্মসূচির আয়োজন করল সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ ট্রাফিক পুলিশ।

শুক্রবার কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে হেলমেট পরিহিত বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। নিরাপদ সড়ক ব্যবহারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হেলমেট যেমন দুর্ঘটনার সময় মানুষের জীবন রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক), কাকদ্বীপ, ট্রাফিক ইন্সপেক্টর, এস. আই. কাকদ্বীপ ট্রাফিক এবং ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা।

অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে জাতীয় সড়ক ১১৭-এর ধারে কাকদ্বীপের হাতিবাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের বিভিন্ন আধিকারিক, ট্রাফিক কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেই এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সচেতনতার যুগল বার্তা নিয়ে কাকদ্বীপ ট্রাফিক পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours