ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির ও জনসভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ফলতা বিধানসভা কেন্দ্রকে রাজ্যের একটি আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। পাশাপাশি একটি মহিলা বিশ্ববিদ্যালয়, দমকল কেন্দ্র এবং ফলতা থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনকল্যাণ শিবিরে ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা এক ছাতার তলায় পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সভা থেকে সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, “আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গুন্ডামি, তোলাবাজি, জমি লুট বা ভোট লুট কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” পাশাপাশি পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours