সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গঙ্গাসাগরের রুদ্রনগর কৃষক বাজারে আয়োজিত জনকল্যাণ শিবির ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা। সোমবার থেকে শুরু হওয়া এই শিবিরে প্রতিদিন উপচে পড়ছে মানুষের ভিড়। বুধবার পর্যন্ত এই ক্যাম্প চলার কথা থাকলেও, মানুষের ক্রমবর্ধমান উৎসাহ ও আবেদনকারীদের বিপুল সংখ্যা দেখে প্রশাসন বড় সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এই ক্যাম্পের সময়সীমা আরও একদিন বাড়িয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত করার ঘোষণা করা হয়েছে।



এই শিবিরের অন্যতম আকর্ষণ হলো বিডিও কানাইয়া কুমার রাওয়ের সক্রিয় অংশগ্রহণ। শুধুমাত্র নির্দেশ দেওয়াই নয়, তাঁকে খোদ ক্যাম্পে বসে সাধারণ মানুষকে সরাসরি ফরম ফিলাপে সাহায্য করতে দেখা গিয়েছে। প্রশাসনের কর্তাব্যক্তিকে এভাবে সাধারণ মানুষের পাশে বসে কাজ করতে দেখে স্থানীয়রা আপ্লুত। বিডিওর এই মানবিক উদ্যোগ ও তৎপরতা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রুদ্রনগর কৃষক বাজারের এই ক্যাম্পে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানুষের ঢল নেমেছে। ভিড়ের চাপে অনেক সময় সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হন, তাই যাতে কোনো যোগ্য ব্যক্তি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই ক্যাম্পের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার যারা এখনো আবেদন করতে পারেননি, তারা এই বিশেষ সুযোগ গ্রহণ করতে পারবেন। প্রান্তিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই প্রশাসনিক মডেল গঙ্গাসাগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours