বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সরকারচক হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এবছরের পরিবেশ দিবসের থিম "Inspired by Nature for Climate for Our Future"-কে সামনে রেখে নিশ্চিন্তপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ বি.এড কলেজ এবং সরকারচক হাই স্কুলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী ও ফলদ গাছের প্রায় ৫৫টি চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল ছাতিম, দেবদারু, আম, জাম, পেয়ারা, আঁশফল ও বাতাবিলেবুসহ একাধিক প্রজাতির গাছ। বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই কর্মসূচিতে কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
শ্রী শ্রী রামকৃষ্ণ বি.এড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরুণ কুমার মাইতি জানান, সুন্দরবন অঞ্চলে পরিবেশ দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই পরিস্থিতিতে দূষণ রোধ, বিদ্যালয়ের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের জন্য ফলদ গাছের সংস্থান করতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, সরকারচক হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ কলি মণ্ডল কলেজের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এমন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে আয়োজকদের এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


Post A Comment:
0 comments so far,add yours