দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর সাগর থানার অন্তর্গত মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েতের মন্দিরতলা গ্রামে ৩১ নম্বর বুথে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক বিজেপি কর্মীর পানের বরজ নষ্ট করার অভিযোগ উঠল।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতাদের দিকে। ভুক্তভোগী বিজেপি কর্মী গণেশ দাসের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তার পানের বরজে প্রবেশ করে। সেখানে থাকা প্রচুর পানের গাছ তারা নির্বিচারে কেটে ফেলে। এর ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গণেশবাবুর অভিযোগ, এটিই প্রথম নয়, এর আগেও তাকে একাধিকবার শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি, নির্বাচনের ঠিক আগে তার আরেকটি পানের বরজে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন। ক্রমাগত এই ধরনের আক্রমণের ফলে তিনি এবং তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার পর সাগর থানায় অভিযোগ জানিয়েছেন গণেশ দাস। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাগরদ্বীপের রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে, তা বলাই বাহুল্য।


Post A Comment:
0 comments so far,add yours