দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া গোটা দক্ষিণবঙ্গেই আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।
অন্যদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে শুধু তাপমাত্রাই নয়, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার কারণে গরম আরও অসহনীয় হয়ে উঠবে। ফলে দিনের পাশাপাশি রাতেও ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।
তবে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন তুলনামূলকভাবে স্বস্তিতে থাকবে উত্তরবঙ্গ।
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টায় দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সেখানকার আবহাওয়া মনোরম ও তুলনামূলকভাবে শীতল থাকতে পারে।
এদিকে আবহাওয়া দফতরের নজর এখন বঙ্গোপসাগরের উপর। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবেই উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ফলে দক্ষিণবঙ্গে এখনই স্বস্তির বৃষ্টির আশা না থাকলেও, জুনের শুরুতে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।


Post A Comment:
0 comments so far,add yours